স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ বিকেল পৌনে চারটায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এছাড়া শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে নির্বাচনের ফল বাতিল হয়।
তিনি জানান, নির্বাচনে ভোট গ্রহণ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত হবে। উল্লিখিত দুই আসনে পোস্টাল ভোট থাকলেও ভোটার সংখ্যা কম থাকায় শুধুমাত্র শেরপুর-৩ আসনে গণভোট হবে না।
মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ। ৬ মার্চ থেকে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দের জন্য ১৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।





