স্টাফ রিপোর্টার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশটির প্রতি ধন্যবাদ প্রকাশ করেছেন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই—এই নীতিগত অবস্থান থেকেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, যা প্রশংসার যোগ্য।
ড. আসিফ নজরুল তার পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য হুবহু তুলে ধরেন। সেখানে শাহবাজ শরিফ বলেন,
“বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।”
উপদেষ্টার মতে, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ন্যায্যতা ও ক্রীড়াসুলভ আচরণের পক্ষে পাকিস্তানের এই অবস্থান একটি শক্ত বার্তা বহন করে এবং বাংলাদেশের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন ঘটায়।






