আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি
বাগেরহাট, ২ অক্টোবর ২০২৫:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ শারদীয় উৎসবকে বিদায় জানাতে ভক্তদের চোখে জল নেমেছে।
সকালে জেলার বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। প্রচণ্ড বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত, নারী-পুরুষ, দর্শনার্থীরা প্রতিমার কাছে ছুটে আসেন শেষ বিদায় জানাতে। মা দুর্গার বিসর্জনের সময় অশ্রুভেজা চোখে অনেকেই বিলাপ করেন। অনেকের বিশ্বাস, এ হয়তো জীবনের শেষ দুর্গোৎসব, তাই আবেগে ভেসে উঠেছেন ভক্তরা।
বিজয়া দশমীতে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা কৈলাসে ফিরে যান। কেউ কেউ আগামীকাল বিসর্জন করলেও আনুষ্ঠানিকভাবে আজই শেষ হচ্ছে দুর্গোৎসব বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতা সন্তু ও বাবলা হালদার।
বাগেরহাট জেলার পশুর, পানগুছি, বলেশ্বর, ভৈরব, চিত্রা ও মধুমতী নদীতে প্রতিমা বিসর্জন করা হবে। ভক্তদের বিশ্বাস, কাম, হিংসা, ক্রোধ, লালসা বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠাই বিজয়া দশমীর আসল তাৎপর্য।
দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা। স্বামীর মঙ্গল কামনায় দেবীর সিঁথি থেকে সিঁদুর নিয়ে নিজের সিঁথি রাঙিয়ে নিয়েছেন তারা। এরপর ভক্তরা একে অপরকে সিঁদুর দিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন।
এবারের দুর্গোৎসব বাগেরহাট জেলার ৬১৭টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আচ্ছাদুজ্জামান জানান, গোয়েন্দা নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর তৎপরতায় সার্বিক পরিস্থিতি ছিল অত্যন্ত সন্তোষজনক।
বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পাশাপাশি জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম এবং দলের অসংখ্য কর্মী স্থানীয় পর্যায়ে মণ্ডপে মণ্ডপে পাহারা দিয়েছেন বলে জানান এম এ সালাম।





