বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর, নিজের কক্ষেও কমালেন লাইট ও এসি

সচিবালয়ে অফিসে ঢুকেই অর্ধেক লাইট বন্ধ, এসির তাপমাত্রা নির্ধারণ ২৫.১ ডিগ্রি; সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে সাশ্রয়ের আহ্বান

স্টাফ রিপোর্টার | ০৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশের সকল মানুষ ও প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগের অংশ হিসেবে তিনি নিজ দফতরেও লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবহার কমিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর দফতরে প্রবেশ করেন। অফিসে ঢুকেই তিনি নিজের কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।

শুধু নিজের কক্ষেই নয়, মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দফতর অবস্থিত। এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পরপরই তাঁর দফতরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ করা হয় এবং এসির তাপমাত্রাও কমিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী সচিবালয়ের সকল মন্ত্রণালয়, সারাদেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে অফিস বা বাসা-বাড়ির জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক সূর্যালোক ব্যবহারের পরামর্শ দেন।