বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

বিরোধীদের উদ্দেশে প্রশ্ন তুললেন—“তখন ঠিক ছিল, এখন ঠিক নাই কেন?”

স্টাফ রিপোর্টার, ১২ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিরোধী দলের সংসদ থেকে ওয়াকআউটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে জামায়াত ও এনসিপিকে প্রশ্ন করা যেতে পারে—“তখন ঠিক ছিল, এখন ঠিক নাই কেন?”

সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের নেতারা ৫ আগস্ট বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ-আলোচনা করেছিলেন। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। সেই উপদেষ্টাদের মধ্যে দু-একজন বর্তমানে এই সংসদের সদস্য হিসেবেও এসেছেন।

তিনি প্রশ্ন তোলেন, তখন যদি বিষয়টি গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে এখন বিরোধিতা কেন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে সংসদের ভেতরে আলোচনা, মতবিনিময় বা এমনকি ওয়াকআউটও নতুন কোনো ঘটনা নয়। এগুলো সংসদীয় রাজনীতির অংশ। তবে সংসদকে অর্থবহ রাখা এবং জাতীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, “আমরা চাই এই সংসদ অর্থবহ হোক এবং জাতীয় সব সমস্যার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক। বিভিন্ন ইস্যুতে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়েই আমরা সমাধানের পথে এগোব—ইনশাআল্লাহ।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তা ধরে রাখা জরুরি। জাতীয় যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে সেই ঐক্য বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।