বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করলেন মেসি, আর্জেন্টিনার দাপুটে জয়

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫ আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে জোড়া গোল করলেন লিওনেল মেসি। আজ সকালে বুয়েন্স এইরেসের…

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫
আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে জোড়া গোল করলেন লিওনেল মেসি। আজ সকালে বুয়েন্স এইরেসের মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মেসির নৈপুণ্যে জয়

ম্যাচ শুরুর ১ মিনিটেই দর্শকরা উপভোগ করেন মেসির প্রথম গোল। হুলিয়ান আলভারেজের পাস থেকে বাঁ-পায়ের চিপ শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন অধিনায়ক।

৭৬ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গঞ্জালেজের কাটব্যাকে ডাইভিং হেডে গোল করেন স্ট্রাইকার লটারো মার্টিনেজ।

৮০ মিনিটে আলমাদার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। শেষদিকে রদ্রিগো ডি পলের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন মেসি, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে ৩-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

মেসির অনুভূতি

ম্যাচ শেষে মেসি বলেন,

“বিশ্বকাপ নিয়ে আগেও বলেছি, আমার মনে হয় না আরেকটি আসর খেলব। কারণ আমার বয়স। তবে এ বিশ্বকাপ খেলতে আমি রোমাঞ্চিত ও অনুপ্রাণিত।”

তিনি আরও যোগ করেন,

“শারীরিকভাবে ভালো থাকলে খেলাটা উপভোগ করি। কিন্তু না থাকলে তা কঠিন হয়ে যায়। সামনে কি হবে দেখা যাক। এখনও কোনো সিদ্ধান্ত নেইনি।”

আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থান

১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, যারা আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

অন্যদিকে, ব্রাজিলও একই দিনে মারাকানা স্টেডিয়ামে ৩-০ গোলে হারিয়েছে চিলিকে। গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেটা ও ব্রুনো জিমারায়েস। এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।