স্টাফ রিপোর্ট,৩ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর যে নির্বাচন সামনে এসেছে, সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে আগামী পাঁচ বছর বাংলাদেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, “নির্বাচনে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারি।” নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ তার সম্পর্কে অবগত, তাই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন নেই।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আপনারা নিজের বিবেচনায় ভোট দেবেন। ভোটের সময় নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়। এমনকি কাছের মানুষ সম্পর্কেও ভুল ধারণা তৈরি করা হয়।”
তিনি অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে মিথ্যা প্রচারণার মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন পাঁচ বছরে একবার আসে। আমরা যে ভোট দিই, সেটি একটি পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করা উচিত নয়। আমাদের সেই ব্যক্তিকে ভোট দিতে হবে, যিনি এই ভোটের মর্যাদা রক্ষা করবেন।”





