স্টাফ রিপোর্টার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, নিউ চ্যানেল বিডি
ভোট চুরি, ব্যালট ছিনতাই বা কেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোটের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কারচুপি দেখবে না। সারাদেশে জোটের নেতাকর্মীরা কেন্দ্রে কেন্দ্রে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, “যে কেউ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ধানের শীষ হোক, শাপলা হোক, দাড়িপাল্লা বা স্বতন্ত্র প্রার্থী—ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন।”
বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ বছর ভোটাধিকার প্রয়োগ করতে না পারার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সবাইকে কেন্দ্রে এসে ভোট দিতে হবে। আগামী পাঁচ, দশ কিংবা বিশ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই ভোট।
বিশেষ করে চার কোটি তরুণ ভোটারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু নিজের ভোট দিলেই হবে না, পরিবার ও প্রতিবেশীদেরও ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে হবে। ভোটাধিকার নিশ্চিত করা দলমত নির্বিশেষে সবার দায়িত্ব।
জোটের সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, ১১ দলের মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসনে সমন্বয় সন্তোষজনক। অধিকাংশ স্থানে নেতাকর্মীরা একসঙ্গে কাজ করছেন। তবে দুই-একটি জায়গায় সমন্বয় ঘাটতি রয়েছে, যা নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
যেকোনো পরিস্থিতিতে জোটের শীর্ষ নেতারা দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং তা গণমাধ্যমকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।





