স্টাফ রিপোর্টার | ৮ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সংশোধিত আকারে বিলটি জাতীয় সংসদে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
দক্ষ জনবল ও সরঞ্জাম ব্যবহারে গুরুত্ব
বৈঠকে বলা হয়, অতীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীকে নানা সময়ে অপব্যবহার করা হয়েছে।
তবে কোনো বাহিনীর অপব্যবহারের কারণে পুরো বাহিনীকে বিলুপ্ত না করে এর দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জাম যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
একই সঙ্গে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
লংমার্চে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা
বৈঠকে বিরোধী দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, এমপি; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি; জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, এমপি; মো. কামরুজ্জামান, এমপি; মো. মনোয়ার হোসেন, এমপি; শিরীন সুলতানা, এমপি; মো. নূরুল ইসলাম, এমপি এবং মো. আব্দুল বাতেন, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





