স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নতুন সরকারের সামনে বহু চ্যালেঞ্জ রয়েছে এবং সবগুলো ক্ষেত্রেই সমানভাবে উদ্যোগী হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, অর্থনীতিকে চাঙ্গা করা সরকারের প্রধান অগ্রাধিকার। তবে শুধু অর্থনীতি নয়, রাজধানী ঢাকার পরিবেশ ও নাগরিক সমস্যা সমাধান, কৃষকদের সারের চাহিদা পূরণ এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও সমান গুরুত্ব পাচ্ছে।
ইশরাক হোসেনের ভাষ্য, দেশের ব্যাংকিং ও আর্থিক খাত দুর্বল অবস্থায় রয়েছে। প্রায় ২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা দেশের মানুষের ওপর বর্তেছে বলে তিনি অভিযোগ করেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে কাঠামোগত সংস্কার ও আর্থিক শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, দেশকে ভঙ্গুর অবস্থায় ফেলে যাওয়া হয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত। প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিয়ে অর্থনীতি পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে।
ভাষা ও সংস্কৃতির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হবে যাতে বাংলা ভাষা ও দেশের ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য একাধিক বিদেশি ভাষায় দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
তার মতে, সার্বিক পরিকল্পনা বাস্তবায়িত হলে জনগণ এর সুফল পাবে।





