স্টাফ রিপোর্টার | ১৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজকের সন্ধ্যার পর থেকে শুরু হবে এই পবিত্র রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পালিত হবে পবিত্র শবে কদর।
মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। ইসলাম ধর্ম মতে হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং অর্জন করা যায় তাঁর অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত।
পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরেই মহান আল্লাহর পক্ষ থেকে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতে অংশ নেবেন।
পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পবিত্র শবে কদর উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বাণীতে তিনি লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত কামনা করে এই রাতের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজে লাগানোর আহ্বান জানান।
এদিকে শবে কদর উপলক্ষে দেশের সব মসজিদে তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে।
পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার এবং বেসরকারি রেডিওসমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়েছে।





