স্টাফ রিপোর্টার, ২২ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীমুখী যাত্রীদের ব্যাপক ঢল নেমেছে। বরিশাল, খুলনা, ফরিদপুরসহ দক্ষিণ বঙ্গের মোট ২১ জেলার মানুষ ঈদের পরের দিন থেকেই কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও টার্মিনালে সকাল থেকেই দেখা গেছে উপচে পড়া ভিড়। বিশেষ করে বি আর টিনি কাউন্টারসহ গুরুত্বপূর্ণ পরিবহন পয়েন্টগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি চোখে পড়ে। তবে ভিড় থাকলেও পরিবহন ব্যবস্থাপনা ছিল বেশ স্বাভাবিক।
পরিবহন শ্রমিকরা জানান, ঈদের সময় অতিরিক্ত চাপ থাকলেও এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাস ছেড়ে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।
ভাড়া আগের মতোই রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও পাওয়া যায়নি। ফলে যাত্রীরা স্বস্তির সঙ্গে গন্তব্যে যেতে পারছেন।
যাত্রীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবারের ব্যবস্থাপনা অনেক ভালো। পর্যাপ্ত গাড়ি থাকায় কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি তাদের।
পরিবহন সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী এক-দুই দিনের মধ্যেই যাত্রীচাপ স্বাভাবিক হয়ে আসবে।





