উপজেলা পর্যায়ে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির বড় রদবদল

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক কাজের গতি বাড়াতে উপজেলা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। অফিস আদেশে নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়নের কথা জানানো হয়েছে।

বদলি করা কর্মকর্তাদের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার কথা বলা হয়েছে। ইসি সচিবালয় এবং মাঠপর্যায়ের জেলা ও উপজেলায় কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারাও এই রদবদলের আওতায় রয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটিই ইসির বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।