গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় রাজধানীতে ‘গণমাধ্যম সম্মেলন ২০২৬’

গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত এলেই গণমাধ্যম আক্রান্ত হয়; সাংবাদিকতার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সম্পাদকদের

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৭ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

দেশের ইতিহাসে গণতান্ত্রিক যাত্রা যখনই বাধাগ্রস্ত হয়েছে, তখনই বিভিন্ন সময়ে আঘাত এসেছে গণমাধ্যমের ওপর—এমন মন্তব্য করে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতে রাজধানীতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘গণমাধ্যম সম্মেলন ২০২৬’

শনিবার রাজধানীর কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা, সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত হওয়া এবং সাংবাদিকদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের শীর্ষ সম্পাদক ও সাংবাদিকরা।

সম্মেলনে সম্পাদক পরিষদের সভাপতি এবং ইংরেজি দৈনিক দ্য নিউজ–এর সম্পাদক নুরুল কবির বলেন, “জুলাইয়ের চেতনাকে ধ্বংস করতেই প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়া হয়।” তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা ও স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টির ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

বর্ষীয়ান সাংবাদিক ও লেখক শফিক রহমান বলেন, সাংবাদিকদের ঐক্য টেকসই করতে হলে আগে তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “আমি সাংবাদিক হতে চাই একজন সম্মানিত ব্যক্তি হিসেবে। সাংবাদিকতার যে সম্মান একসময় ছিল, সেই সম্মান ফিরিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের নানা অঙ্গপ্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই চলছে, তখনই প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হচ্ছে। “জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে অপমানিত করা হচ্ছে”—বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে ডেইলি স্টার–এর সম্পাদক মাহফুজা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “ইনস্যুরেন্সের মতো সুরক্ষা ব্যবস্থা থাকলে সাংবাদিকরা নিরাপদভাবে কাজ করতে পারবেন।” একইসঙ্গে তিনি ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা বন্ধ করার দাবি জানান।

এদিকে প্রথম আলো–এর সম্পাদক মতিউর রহমান বলেন, “যে মতের আর যে আদর্শই হোক না কেন—সাংবাদিকতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সকল সাংবাদিকের ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

সম্মেলনে বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর বারবার হামলা এবং মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি। এই পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান আরও শক্তিশালী করতে হবে।