চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী

নারী প্রধানের নামে কার্ড ইস্যুতে সামাজিক সুরক্ষা জোরদারের উদ্যোগ

স্টাফ রিপোর্টার | ২৯ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী চার বছরের মধ্যে দেশে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে প্রদান করা হবে, যা নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।

রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিশ্বব্যাংক-এর বিভাগীয় পরিচালক জঁ পেসমে-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

মন্ত্রী জানান, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে কার্ড ইস্যু করা হয়েছে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে।

বৈঠকে জঁ পেসমে বর্তমান সরকারের এ উদ্যোগকে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির টেকসই বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন।

সাক্ষাৎকালে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।