তুরস্কে শান্তি আলোচনায় পুতিন-জেলেনস্কি বসলে যোগ দিতে পারেন ট্রাম্প: এরদোয়ান

ইউক্রেইন শান্তি আলোচনার জন্য দু’দেশের প্রেসিডেন্টকে নিয়ে আঙ্কারা একটি বৈঠক আয়োজন করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আঙ্কারা ইউক্রেইন…

ইউক্রেইন শান্তি আলোচনার জন্য দু’দেশের প্রেসিডেন্টকে নিয়ে আঙ্কারা একটি বৈঠক আয়োজন করছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আঙ্কারা ইউক্রেইন শান্তি আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি বৈঠক আয়োজনে কাজ করছে।

পুতিন এই বৈঠকে যোগ দিতে রাজি থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও এতে যোগ দিতে পারেন বলে জানান এরদোয়ান। বৈঠকটি আগামী মাসে হতে পারে।

নেটো সম্মেলন থেকে ফেরার পথে এরদোয়ান বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই তিনি তুরস্কে রাশিয়া এবং ইউক্রেইনের শান্তি বৈঠক আয়োজনের বিষয়টি তাকে জানান।

বৈঠকের কথা শুনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট যদি যুদ্ধের একটি সমাধানের জন্য তুরস্কের বৈঠকে আসেন, তাহলে আমিও আসব।” এরদোয়ানের কার্যালয় বৃহস্পতিবার ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।

ট্রাম্প বলেন, “আমরা প্রয়োজনীয় যোগাযোগ করব এবং এই বৈঠক যতদ্রুত সম্ভব বাস্তবে রূপ দেব।”

গত ১৭ মে তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে প্রথম মুখোমুখি বৈঠকে বসেছিলেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা।রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। অন্যদিকে, ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার প্রতিরক্ষামন্ত্রীকে প্রতিনিধিদলের নেতা হিসাবে পাঠিয়েছিলেন।

সেই বৈঠকে যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের দেহ বিনিময় নিয়ে মতৈক্য হলেও যুদ্ধবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।