তৃণমূল থেকেই ক্রীড়া বিকাশে জোর

খেলাধুলাকে পেশাভিত্তিক করার আহ্বান ফখরুলের


স্টাফ রিপোর্টার | ৩১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং পেশাভিত্তিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্লাবটির নবনির্বাচিত সভাপতি বরকত উল্লাহ বুলু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক মো. আবদুস সালাম, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং আবাহনী ক্লাব-এর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।

মির্জা ফখরুল বলেন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা পান এবং এটি মানসিক প্রশান্তিরও উৎস। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্রিকেটের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বেশি। একসময় তিনি ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে এবং তারেক রহমান দেশে ফেরার পর থেকেই খেলাধুলাকে গ্রামাঞ্চলসহ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলোয়াড়দের ভাতা বা সম্মাননার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে কোনো মেধাবী খেলোয়াড় যেন বাদ না পড়ে—সেদিকে নজর দিতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খেলোয়াড়দের মূল্যায়ন হতে হবে মেধা ও দক্ষতার ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক প্রতিভাবান খেলোয়াড় বঞ্চিত হয়েছেন।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বে ঐতিহ্যবাহী ক্রীড়া ক্লাবগুলো ভবিষ্যতে আরও সফলতা অর্জন করবে এবং দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে।