প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল: বিদ্যুৎ মন্ত্রী

গ্রাহকদের স্বস্তি দিতে জনবান্ধব সিদ্ধান্ত, দীর্ঘদিনের অভিযোগের অবসান

স্টাফ রিপোর্টার | ২৯ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও চাপা ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, “গ্রাহকদের সর্বোচ্চ অনুকূলে এবং একটি জনবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দিচ্ছি।”

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই চার্জ পরিশোধ করে আসা গ্রাহকদের মধ্যে প্রশ্ন ছিল, মিটারের মূল দাম উঠে যাওয়ার পরও কেন অতিরিক্ত অর্থ কাটা হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে।