প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের অবসানে দ্রুত কার্যকর হবে সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, ২৯ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং বিদ্যুৎ সেবাকে আরও গ্রাহকবান্ধব করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে। প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার সেই উদ্যোগেরই অংশ।

এ সিদ্ধান্ত কার্যকর হলে দেশের লাখ লাখ প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলে মনে করছে সংশ্লিষ্টরা।