স্টাফ রিপোর্টার | ১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং দেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গত সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে মন্ত্রীর সঙ্গে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজ সৌজন্য সাক্ষাৎ করেন।
ওই বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহানও বৈঠকে অংশ নেন।
বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলও-তে সৌদি আরবের বিরুদ্ধে আনীত কিছু মামলার আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি রাজ পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
মন্ত্রী সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই সংকটকালে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও সহায়তা দেওয়ার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
সাক্ষাতে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি সরকারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে অর্জিত দক্ষতাকে স্বীকৃতি প্রদানের জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে সৌদি আরবের তত্ত্বাবধানে আধুনিকায়ন এবং অভিবাসনপ্রত্যাশী কর্মীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণের প্রস্তাব দেন।
তিনি আশা প্রকাশ করেন, এতে সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতার স্বীকৃতি পাওয়া সহজ হবে।
বৈঠকে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের শ্রম খাতে পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





