স্টাফ রিপোর্টার,২৪ শে ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তবে বেসরকারি উদ্যোক্তারা কীভাবে এই প্রক্রিয়ায় যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের কাঠামো কেমন হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়টি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষভাবে বন্ধ পাটকল ও চিনিকলগুলো চালুর কথা বলা হয়েছে। সেখানে পুরোনো শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের জুন মাসে সংসদে দেওয়া তথ্যে বলা হয়েছিল, তখন শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বিসিকের নিয়ন্ত্রণাধীন রুগ্ন বা বন্ধ শিল্প ছিল ৩৮২টি, বিসিআইসির অধীনে পাঁচটি, বিএসএফআইসির অধীনে ছয়টি চিনিকল এবং বিএসইসি’র অধীনে চারটি কারখানা।
গত দুই বছরে এই সংখ্যা আরও বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে হালনাগাদ কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশ দিয়েছেন এবং বন্ধ ও রুগ্ন শিল্প কারখানাগুলো চালুর উদ্যোগ নিতে বলেছেন। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করছে।





