রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফেব্রুয়ারির শেষ নাগাদ প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা

মার্চের শেষ দিকে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ, অগ্রগতি পরিদর্শনে ড. সালেহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার, ১৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত শুক্রবার পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত কর্মী ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎখাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। তাঁর মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাংলাদেশ সরকারের একটি মেগা প্রকল্প। আন্তর্জাতিক নিয়মকানুন মেনে নির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়। প্রকল্পে সংশ্লিষ্ট রোসাটমের প্রকৌশলীরা জানান, আগামী ফেব্রুয়ারি ২০২৬ মাসের শেষ নাগাদ ইউনিট-১ এ ফুয়েল লোডিং সম্পন্ন করা সম্ভব হবে।

এছাড়া মার্চ ২০২৬ এর শেষ দিকে ইউনিট-১ থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে ইউনিট-১ থেকে ১২০০ মেগাওয়াট ক্ষমতার বিপরীতে কার্যকরভাবে প্রায় ১,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলেও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।