শাহবাগ থেকে আধিপত্যবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান

শরিফ উসমান হাদির আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের

স্টাফ রিপোর্টার, ১৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ উসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে ভারতীয় ও বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ শুধু আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেনি, বরং ১৯৭১ সালের পর থেকেই বাংলাদেশে আধিপত্য কায়েমের যে চেষ্টা চলছিল, তার বিরুদ্ধেও রায় ঘোষণা করেছে। প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই দীর্ঘদিনের উল্লেখ করে তিনি বলেন, কখনো সফলতা এসেছে, কখনো ব্যর্থতা। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর আর পিছু হটার সুযোগ নেই।

নাহিদ ইসলাম বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। সে কারণে আন্দোলন পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ও নিয়মতান্ত্রিক হতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, শাহবাগ থেকেই শান্তিপূর্ণভাবে জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। তবে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর আক্রমণ হলে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণাও তখন দেওয়া হয়েছিল।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ কার্যত এক যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, তরুণ ও দেশপ্রেমিক নাগরিকদের জীবন ঝুঁকির মুখে। তবে ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই জনগণকে পরাজিত করতে পারবে না।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষোভকে কাজে লাগিয়ে আন্দোলনের ভেতরে নাশকতার পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মতো স্পষ্ট কর্মসূচি ও ঐক্যের মাধ্যমেই আন্দোলন পরিচালনা করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে একই মঞ্চে এসে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি ঘোষণা দেন, শহিদ শরিফ উসমান হাদিসহ জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত যারা ভারতে পালিয়ে গেছে, তাদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। একই সঙ্গে দিল্লিতে অবস্থান নেওয়া শেখ হাসিনা ও সকল গণহত্যাকারীকে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবি জানান।

তিনি স্বীকার করেন, ৫ আগস্টের পর আন্দোলন শিথিল হয়ে পড়া ছিল একটি ভুল। এবার আর সেই ভুল করা হবে না বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগসহ সারাদেশে আন্দোলন অব্যাহত থাকবে। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচির আহ্বান জানান তিনি।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এবার আর মুখ লুকানোর সুযোগ নেই। ছাত্র-জনতা মাঠে রয়েছে, আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় এখনই। আন্দোলন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।