স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সন্ত্রাসবাদ, মাদক, মানবপাচার এবং দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ অস্ট্রিয়ার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এর এক বিশেষ অধিবেশনে ‘ন্যাশনাল কমিটমেন্ট প্লেজ অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্থানীয় সময় বিকেলে আয়োজিত উচ্চপর্যায়ের এ সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন তিনি।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে সরকারের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন। তিনি মানি লন্ডারিং ও আর্থিক জালিয়াতি রোধে সরকারের গৃহীত বিভিন্ন সুনির্দিষ্ট পদক্ষেপের কথাও উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন খাতে কঠোর তদারকি ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
আর্থিক অপরাধ দমনে বাংলাদেশের শক্তিশালী আইনি কাঠামোর কথা উল্লেখ করে তিনি জানান, ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২’ এবং ‘পারস্পরিক আইনগত সহায়তা আইন ২০১২’-এর কার্যকর প্রয়োগের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।
তিনি আন্তর্জাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে বৈশ্বিক আইনি সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।
বর্তমান সময়ে প্রযুক্তিগত অপরাধ মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপরাধ শনাক্ত ও দমনে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, “নতুন বাংলাদেশে কোনো অপরাধীর জায়গা নেই। আমরা শুধু অভ্যন্তরীণভাবেই নয়, আন্তর্জাতিক কনভেনশন ও প্রোটোকল অনুসরণ করেও বিশ্বব্যাপী অপরাধ দমনে আমাদের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”
সেশনে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশের এসব সুনির্দিষ্ট পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমন কৌশলের প্রশংসা করেন।





