প্রতিনিধি, জবি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:১১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা যান। শুক্রবার রাত ১০টার দিকে ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে খাবারের জন্য অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ খিঁচুনি ওঠার পর হাসিবুর বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়।
বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ফেসবুকের এক পোস্টে লেখেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর ভাই আমাদের মাঝে আর নেই।”
তার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মোল্লা, যুবদল ঢাকা দক্ষিণের আহ্বায়ক সাজ্জাদ মিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী শোক প্রকাশ করেছেন।

হাসিবকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান
“ এক সেকেন্ডের নাই ভরসা মরণ ঘাড়ের পড়ে”
কথা বলতে বলতে মৃত্যু স্পর্শ করেছে আমাদের হাসিবকে।
কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব আকস্মিক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অকালে চলে যাওয়া এ তরুণ ছাত্রনেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।





