স্টাফ রিপোর্টার | ১৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান হিসেবে বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন।
বুধবার এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ সদর দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
রাবাব ফাতিমা বর্তমানে স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র উন্নয়নশীল দেশ (এসআইডিএস) বিষয়ক জাতিসংঘের উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারি দায়িত্ব পালনের ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
তিনি কানাডার জর্জেট গ্যাগননের স্থলাভিষিক্ত হচ্ছেন। গ্যাগনন এতদিন ইউএনএএমএ’র উপবিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত মিশনপ্রধানের দায়িত্বও পালন করছিলেন।
২০০২ সালে প্রতিষ্ঠিত ইউএনএএমএ আফগানিস্তানে মানবিক সহায়তার সমন্বয়, রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর দেশটিতে জাতিসংঘের কার্যক্রম পরিচালনায় মিশনটির গুরুত্ব আরও বেড়েছে।
যদিও মিশনটির লক্ষ্য ও কার্যপদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্র আপত্তি জানিয়েছিল, তবুও গত জুনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএএমএ’র মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করেছে।





