বেনজির আহমেদ ও হাদী হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণে দ্রুত সাড়া আশা করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএই ও ভারতে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে; প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া এগোচ্ছে


স্টাফ রিপোর্টার | ১৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার তিন সন্দেহভাজনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া আশা করছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারত থেকে হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে দেশে ফিরিয়ে আনতে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। এখন সংশ্লিষ্ট দুই দেশের সরকারের ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের সময় দিলেও বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব আইনি নথিপত্র জমা দিয়েছে।

হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রত্যর্পণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছেও প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। বর্তমানে তারা ভারতে বিচারাধীন থাকলেও বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বিচার চলমান অবস্থায়ও তাদের বাংলাদেশে হস্তান্তর করা সম্ভব।

তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা যাবে।