পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ইশরাক: জুলাই গণহত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

বিচার নিশ্চিত করতে সরকারপ্রধানের সঙ্গে বিষয়টি তুলে ধরার কথা বলেন প্রতিমন্ত্রী; শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করে তা কার্যকর করা উচিত। এ বিষয়ে তিনি সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

ইশরাক হোসেন বলেন, তিনি জুলাই আন্দোলনের একজন কর্মী হিসেবে নির্দেশদাতা থেকে শুরু করে মাঠপর্যায়ে জড়িত সকলের বিচার চান। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গেও যারা জড়িত, তাদের বিচার দাবি করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি।” তিনি আরও দাবি করেন, দেশের বাইরে থেকে দেওয়া বক্তব্য রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা মাত্র।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই নিহতদের আত্মত্যাগ জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি শহীদ ওয়াসিম আকরামসহ আন্দোলনে নিহতদের স্মরণ করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ওয়াসিম আকরামের পরিবারের সদস্য এবং জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের একজন নেতা ছিলেন।