স্টাফ রিপোর্টার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার বলেন, তিনি নির্বাচিত হলে জেলাকে নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে গড়ে তুলবেন। তার দাবি, বর্তমানে মানুষ ভয়ে স্বাধীনভাবে কথা বলতে পারে না এবং ভোটাধিকার প্রয়োগ নিয়েও আতঙ্কে থাকে।
তিনি বলেন, আগামী ১৩ তারিখের নির্বাচনের মাধ্যমে মানুষ মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পাবে। “চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি বা সন্ত্রাস দিয়ে ঠাকুরগাঁওয়ে চলবে না,” এমন প্রতিশ্রুতি দেন তিনি। দুর্নীতিমুক্ত ও নিরাপদ জেলা গড়ার কথাও উল্লেখ করেন।
দেলোওয়ার বলেন, তিনি শাসক নয়, সেবক হতে চান। এমপি হিসেবে রাষ্ট্রের যেসব সুবিধা বরাদ্দ থাকে, যেমন ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট, সেগুলো গ্রহণ করবেন না বলে ঘোষণা দেন তিনি। তার ভাষায়, এসব জনগণের সম্পদ এবং প্রকৃত প্রাপকদের কাছে সুষ্ঠুভাবে পৌঁছানো নিশ্চিত করবেন।
সভায় তিনি জবাবদিহিতামূলক সমাজ প্রতিষ্ঠার কথাও বলেন। অতীতের ন্যায়পরায়ণ শাসনব্যবস্থার উদাহরণ তুলে ধরে জনগণের দুয়ারে গিয়ে সমস্যার কথা শোনার প্রতিশ্রুতি দেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেই ঠাকুরগাওয়কে একটি সুন্দর ‘ফুলের বাগান’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পরিশেষে দেলোওয়ার দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে সমর্থন করার আহ্বান জানান।





