বাগেরহাটে ১২ অক্টোবর থেকে শুরু টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫

৯ উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের ৪ লাখেরও বেশি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে

Posted by:

on

আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি
বাগেরহাট, ৯ অক্টোবর ২০২৫ (নিউজ চ্যানেল বিডি):
আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হতে যাওয়া টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেছেন জেলা সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলম।

বৃহস্পতিবার সকাল ১১টায় বাগেরহাট সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে সিভিল সার্জন জানান,

“১২ অক্টোবর থেকে বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনা মূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। মোট ৪ লাখেরও বেশি শিশুকে এই টিকা কার্যক্রমের আওতায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে যাতে কোনো শিশু টিকা কর্মসূচির বাইরে না থাকে। এ কার্যক্রম সফল করতে তিনি গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া ডা. রিয়াদুজ্জামান, ডা. রিয়াছাত আজিমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।