৯ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ, আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে

ঘন কুয়াশায় বিমান, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্নের আশঙ্কা; তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

শীতের সকালে মোহনীয় সৌন্দর্য

স্টাফ রিপোর্টার | ৩ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬: দেশের ৯টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে এসব এলাকায় শীতের তীব্রতা বেড়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক মৌসুমী লঘুচাপ রয়েছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছীতে ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার ছিল। ভোরে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।