ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

ঈদের আগেই কয়েকটি এলাকায় কার্যক্রম শুরু, সম্মানীর পরিমাণ এখনো নির্ধারিত নয়

স্টাফ রিপোর্টার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ : নিউজ চ্যানেল বিডি

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাসিক সম্মানী এবং উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সম্মানীর পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। ঈদের আগেই পর্যায়ক্রমে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সরকার।

শনিবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকারগুলোর কয়েকটি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, ঈদের আগেই প্রস্তুতি শেষ করে কিছু কিছু এলাকায় সম্মানী প্রদান শুরু করা হবে। পর্যায়ক্রমে তা বিস্তৃত করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের আগে বেশ কয়েকটি এলাকায় কার্যক্রম শুরু হবে।

এদিকে কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, সারা দেশে মেধাভিত্তিক ও বৈষম্যহীন কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। সরকারি ও বেসরকারি চাকরি, উদ্যোক্তা সৃষ্টি এবং বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া, শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে নীতিমালার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও দেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর এটি ছিল তার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক।