জ্বালানি সংকটে মহানগরীর স্কুলে অনলাইন-অফলাইন ক্লাসের পরিকল্পনা

সপ্তাহে ৬ দিন ক্লাস চালুর চিন্তা, মন্ত্রিসভায় বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার | ৩১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি


বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব মহানগরীর স্কুল পর্যায়ের ক্লাস আংশিক অনলাইন ও আংশিক অফলাইনে পরিচালনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী জানান, নতুন পরিকল্পনায় সপ্তাহে ৬ দিন ক্লাস চালু রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বেশিরভাগ অভিভাবক অনলাইনে ক্লাস পরিচালনার পক্ষে মত দিচ্ছেন। তবে সরকার চায় শিক্ষার্থীরা যেন অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে, যাতে শেখার ধারাবাহিকতা বজায় থাকে।