নির্বাচনে অনিয়মের অভিযোগে ইসিতে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল

পুনরায় ভোট গণনার দাবি; গ্যাজেট প্রকাশের পর ফল বাতিলের সুযোগ নেই বলছে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার | ১৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে গেছেন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল। রবিবার বেলা পৌনে ১২টার দিকে জোটের মিডিয়া সমন্বয়ক ও জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়রের নেতৃত্বে প্রতিনিধিরা চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে জোটের নেতারা জানান, ভোট গ্রহণ শুরুর পরিবেশ তুলনামূলক শান্ত থাকলেও শেষ পর্যায়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের দাবি, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, কালো টাকার প্রভাব এবং কোথাও কোথাও হুমকি ও হামলার ঘটনা ঘটেছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

গত দুদিনে কয়েকটি দলের পরাজিত প্রার্থীরাও পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এর মধ্যে ঢাকা–১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক এবং ঢাকা–১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক রয়েছেন। তাদের অভিযোগ, নির্দিষ্ট কিছু কেন্দ্র টার্গেট করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে।

এ ছাড়া ঢাকা–১০ আসনের জামায়াত প্রার্থী জসিমউদ্দিন সরকারও কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাজেট প্রকাশের পর ফলাফল বাতিলের সুযোগ নেই। কমিশন বলছে, প্রার্থীদের পক্ষ থেকে মাঠপর্যায়ে বিভিন্ন অভিযোগ দাখিল করা হয়েছে এবং সেগুলো বিধি অনুযায়ী পর্যালোচনা করা হবে।

বৈঠক শেষে ১১ দলীয় জোটের নেতারা বলেন, বড় ধরনের সহিংসতা না থাকলেও নানা অনিয়ম সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলেছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।