স্টাফ রিপোর্টার | ২১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচে অবস্থিত টানেলে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লী।
এ বছর প্রথমবারের মতো এই স্থানে নারীদের জন্যও ঈদের জামাতের বিশেষ ব্যবস্থা করা হয়, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাও জামাতে অংশগ্রহণ করেন।
স্পিকারের নির্দেশনা অনুযায়ী মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে টানেলের নিচে জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
নামাজ শেষে মুসল্লিদের মাঝে খেজুর বিতরণ করা হয়। জামাত ও খুতবা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।
জামাত শেষে স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।





